চন্দনাইশে একই স্থানে ৫ ঘণ্টার ব্যবধানে পুনরায় দুর্ঘটনা, এনজিও কর্মী নিহত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ বাইন্যাপুকুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৫ ঘন্টার ব্যবধানে আবারো দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক এনজিও কর্মী নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা পৌণে ৬টায় কক্সবাজারগামী যাত্রীবাহী ঈগল পরিবহনের বাস ও চন্দনাইশগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী ক্ষুদ্রঋণ প্রদানকারী এনজিও সংস্থা ‘ব্যুরো বাংলাদেশ’ এর চন্দনাইশ শাখার কর্মী টাঙ্গাইল জেলার সখিপুর ইউনিয়নের সবুজ শিকদারের ছেলে মোঃ ইকবাল সিকদার (৩৩) ঘটনাস্থলেই নিহত হয়।

অপর আরোহী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার জাবেদ হোসেন (২৮) গুরুতর আহত হয়। দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি বর্তমানে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুরে মহাসড়কের এই স্থানে মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী বেপরোয়া গতির হাইচের ধাক্কায় নিখিল পাল নামে এক পথচারী নিহত হন।

আরও পড়ুন