পটিয়ায় ৯ ঘণ্টার অবরোধের মুখে ওসি প্রত্যাহার

চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লাগাতার কর্মসূচির মুখে এই পদক্ষেপ নেয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করে তাঁকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।”

এর আগে সকালে ওসির অপসারণ ও শাস্তির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় টানা ৯ ঘণ্টা অবরোধ করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নিয়ে তাঁরা সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। ফলে তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

এদিকে একই দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে ডিআইজি কার্যালয়ের সামনে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবস্থান নেয়।

জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগের এক কর্মী দীপঙ্কর দে (২৯)-কে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। পরে তাঁকে থানায় নিয়ে গেলে পুলিশ শুরুতে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়, কারণ তাঁর নামে কোনো মামলা ছিল না।

অভিযোগ, পুলিশ পরে আন্দোলনকারীদের সঙ্গে অসহযোগিতা করে ও মারধর করে। এতে উসকে ওঠে বিক্ষোভ।

আন্দোলনকারীদের অভিযোগ, দীপঙ্কর দে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাঁকে থানায় সোপর্দের পর পুলিশ তার বিরুদ্ধে মামলা না নিয়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে।

অন্যদিকে পুলিশের দাবি, আন্দোলনকারীরা মিছিল সহকারে দীপঙ্করকে থানায় নিয়ে এসে থানা চত্বরে উত্তেজনা ছড়ায়। একজনকে মারধর করতে করতে থানায় প্রবেশ করে ‘মব কন্ট্রোলের বাইরে যাওয়ার’ মতো পরিস্থিতি তৈরি করেন। পুলিশ শান্তিপূর্ণভাবে বিষয়টি সামাল দেয়।