চন্দনাইশে হানিফ পরিবহনের বাসে মিললো ১৪ হাজার ইয়াবা

চট্টগ্রামের চন্দনাইশে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো.মারুফ হোসেন (২১) নামে হানিফ পরিবহনের একটি এসি বাসের চালকের সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটিও জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) রাত পৌণে ৭টায় উপজেলার দোহাজারী পৌরসভা সদরস্থ শেভরন ডায়াগনস্টিক সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মারুফ চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ শান্তির বাজার এলাকার সোনা মিয়ার ছেলে। এসময় বাসের চালক রাঙ্গুনিয়া থানার দশমাইল এলাকার লাল মিয়ার ছেলে মো. আবছার উদ্দিন কৌশলে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান এর তত্ত্বাবধানে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ দোহাজারী পৌরসভা সদরে চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি এসি বাসে তল্লাশী চালিয়ে মারুফ হোসেনকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে বাসের বামপাশের যাত্রীদের মালামাল রাখার বক্স থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন