চট্টগ্রামের সীতাকুণ্ডের শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় মো: আলাউদ্দিন রুবেলকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় গ্রামবাসী। রবিবার (১৮ মে) বেলা বারোটায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় কয়েকশ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবীসহ রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা। এসময় এলাকার কৃতি সন্তান ও প্রাক্তণ ছাত্রকে সভাপতি হিসেবে পেয়ে তারা উচ্ছাস প্রকাশ করেন। পরে ”হে মহান অতিথি স্বাগতম” গানটি পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকরের সভাপতিত্বে এতে আরও অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, সাধারণ সম্পাদক এডভোকেট আইনুল কামাল, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাঈল হোসেন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন মাসুম, বিদ্যালয়ের দাতা সদস্য আবু তাহের।
সংবর্ধনার জবাবে এডহক কমিটির সভাপতি মো. আলাউদ্দিন রুবেল বলেন, আজ আমি স্থানীয়ের কথা শুনতে এসেছি। তারা আমাকে পেয়ে অভিভূত হয়েছেন জেনেই আনন্দ লাগছে। আমি সমস্যা, সম্ভাবনার কথাগুলো শুনেছি। এ বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত। আমি সর্বাত্মক চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করে এ বিদ্যালয়কে পুরো উপজেলায় নয় শুধু চট্টগ্রামেও পরিচিত করাতে। আর এজন্য সকলের সহযোগিতা খুব বেশি দরকার। আমাদের এলাকায় অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমি তাদের সাথে পরামর্শ করে আমার শৈশবের স্মৃতি বিজড়িত এ বিদ্যালয়কে সুন্দর ও সেরা করে তুলব ইনশাল্লাহ।