চট্টগ্রামের লোহাগাড়ায় ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনার সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানান। এরপর ভিডিও দেখে অভিযুক্ত নুরুল ইসলামকে শনিবার দুপুরে সাতকানিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশসূত্রে জানা যায়, শিশুটিকে একটি বিপণিকেন্দ্রে রেখে তার ভাই বাসায় গিয়েছিলেন। এ সময় অভিযুক্ত নুরুল ইসলাম শিশুটিকে যৌন হয়রানি করেন। গত কয়েক দিন আগে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে। পরে সাতকানিয়া পুলিশের সহযোগিতায় লোহাগাড়া পুলিশের একটি দল তাঁকে আজ গ্রেপ্তার করে নিয়ে আসে।
ঘটনাটি ১১ মার্চ দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঘটেছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনার পর শিশুটির বাবা থানায় মামলা করেন।
অভিযুক্ত নুরুল ইসলাম দুবাই প্রবাসী বলে জানা গেছে। একই অপরাধে তিনি দুবাইয়ে তিন মাসের জেল খেটেছিলেন বলে পুলিশ জানায়।
লোহাগাড়া থানার উপপরিদর্শক জাহেদুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার নুরুল ইসলামকে রোববার সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে।