কর্ণফুলী ইউএনও মাসুমা জান্নাত’র প্রত্যাহার চায় ছাত্রদল

চট্টগ্রামের কর্ণফুলীতে জেলা প্রশাসক ফরিদা খানমের উপস্থিতিতে কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান’-এর স্মরণে দেয়ালিকা প্রদর্শনীতে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের ছবি না থাকার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং এলাকার নতুন উপজেলা কমপ্লেক্সের সামনে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুদ্দীন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে  উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, নুর শাহেদ খান রিপন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাঈনউদ্দীন মনির, যুবদল নেতা শওকত আলীসহ বেশ কয়েকজন স্থানীয় নেতা ও কর্মী।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওয়াসিম আকরামের ছবি এত বড় একটি আয়োজনে না থাকায় উপজেলা প্রশাসনকে এ ঘটনার দায় নিতে হবে।

ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ বলেন, ইউএনও’র অফিসে গিয়েছিলাম কিন্তু তাঁকে পাইনি। পরে ফোনে যোগাযোগ করলে তিনি জানান যে, এটি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দায়িত্ব ছিল। অথচ সমন্বয়ক জুবায়ের আলম ফেসবুকে দাবি করেছেন, এর দায়িত্বে ছিল উপজেলা প্রশাসন।

অন্যদিকে, সমন্বয়ক দাবিদার জুবায়ের আলম তাঁর ফেসবুক পোস্টে জানান, এটি তাৎক্ষণিক সিদ্ধান্তে মোবাইল থেকে প্রিন্ট করা ছোট কাটপিস ছবি দিয়ে করা হয়েছিল। এতে ওয়াসিম আকরামের ছবি অন্তর্ভুক্ত না হওয়া অনাকাঙ্ক্ষিত ভুল। আমি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছি এবং ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি।

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সাথেও যোগাযোগের চেষ্টা করা হয়, তবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন এবং বিষয়টি জেলা প্রশাসকের কাছে জানাবেন বলে উল্লেখ করেন।

গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম কর্ণফুলী উপজেলা সফর করেন। সফরে তিনি শহীদ মিনার, উপজেলা পরিষদের একাডেমিক ভবন, অডিটোরিয়াম হল, এবং ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালিকা প্রদর্শনীর উদ্বোধন করেন। তবে দেয়ালিকা প্রদর্শনীতে শহীদ ওয়াসিম আকরামের ছবি অন্তর্ভুক্ত না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে এই ঘটনাকে দায়িত্বজ্ঞানহীনতার উদাহরণ হিসেবে উল্লেখ করে ইউএনও’র পদত্যাগ দাবি করেছেন।

আরও পড়ুন