বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর অফিসের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতকরণসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বোয়ালখালী প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বোয়ালখালী প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম।

বোয়ালখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ লোকমান চৌধুরী।

এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহমুদুল হক মেম্বার,বোয়ালখালী প্রেসক্লাবেরকার্যকরি সদস্য এমরান চৌধুরী,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাষ চক্রবর্তী, শাহা আলম বাবলু, খোরশেদুল আলম, খোরশেদ আলম, আবদুল মতিন চৌধুরী, তৌহিদুর রহমান,সুমন চক্রবর্তী, ফজলুল রহমান, মনির চৌধুরী, হাসানুল আলম, তাজুল ইসলাম,এস এম শাহেদ হোসাইন ছোটন, এম,আর তাওহীদ ও বিপ্লব জল দাশ প্রমূখ।

সভায় বক্তারা তুহিন হত্যাকাণ্ডকে দেশের সাংবাদিকতার জন্য এক ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন “দিনে দুপুরে জনবহুল এলাকায় সাংবাদিককে কুপিয়ে হত্যা প্রমাণ করে, দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ভেঙে পড়েছে। সাংবাদিকরা এখন চরম নিরাপত্তাহীনতায়। তুহিন হত্যার বিচার বিলম্বিত হলে এবং হত্যাকারীদের দ্রুত বিচার কার্যক্রম না করা হলে সারাদেশের ন্যায় বোয়ালখালীর সকল সাংবাদিক একত্রিত হয়ে কঠোর আন্দোলনে যাবে।

সভায় উপস্থিত বক্তারা একমত পোষণ করেন যে, এ ধরনের হত্যাকাণ্ড রোধে সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে, নইলে দেশে মুক্ত সাংবাদিকতা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।