ক্যানভাস পাপেট থিয়েটার শিল্পী মুস্তাফা মনোয়ার’র জন্মদিন পালন

কিংবদন্তি পুতুলনাট্য শিল্পী ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জন্মবার্ষিকী উপলক্ষে কথামালা, সম্মাননা স্মারক প্রদান ও পাপেট নাটক ‘ফড়িং রাজা’ প্রদর্শনী চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

ক্যানভাস থিয়েটারের প্রতিষ্ঠাতা ও পরিচালক পাপেটিয়ার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে পুতুলনাট্য সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্ট(বিটা)’র নির্বাহী পরিচালক নাট্য-ব্যক্তিত্ব শিশির দত্ত ও প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমকে। পৃষ্ঠপোষক সম্মাননা পেয়েছেন পুষ্টি এন্ড পিউর এর চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কথামালায় অংশ নেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি নাট্যজন শুভ্রা বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ ও প্রত্যাশী সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন।

শিল্পী মুস্তাফা মনোয়ারের ৯১তম জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানে ১সেপ্টেম্বরকে ‘জাতীয় পুতুলনাট্য দিবস’ হিসেবে ঘোষণা করার প্রত্যাশা ব্যক্ত করে আয়োজক সংগঠক ক্যানভাস পাপেট থিয়েটার।

ক্যানভাস থিয়েটারের উপদেষ্টা পরিষদের সদস্য ড. বিকিরণ বড়ুয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, মুস্তাফা মনোয়ার বাংলাদেশের পুতুলনাট্য শিল্পকে আধুনিক ও নান্দনিক ধারায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তিনি পুতুলনাট্যকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং শিক্ষা, মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও সৃজনশীলতার শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্যানভাস পাপেট থিয়েটারের জনপ্রিয় পুতুলনাট্য ‘ফড়িং রাজা’ প্রদর্শিত হয়।