বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার সন্তান এডভোকেট কেএম সাইফুল ইসলাম। গত ৪ নভেম্বর মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এডভোকেট কে এম সাইফুল ইসলাম কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা । তিনি মগনামা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে এসএসসি এবং চট্টগ্রামের হাজী মুহম্মদ মুহসীন কলেজ থেকে ২০০৫ সালে এইচএসসি পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে ২০১০ সালে এলএলবি(অনার্স) এবং ২০১১ সালে এলএলএম পাস করেন ।
তিনি ২০১৩ সালে রাজনৈতিক মামলায় আটক হয়ে কারাগার থেকে পরীক্ষা দিয়েই বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের পারমিশন লাভ করেন। তিনি পারিবারিকভাবেই বিএনপি পরিবারের সন্তান এবং স্কুল জীবন থেকেই ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন । বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নকালে আঞ্চলিক সংগঠন চকরিয়া পেকুয়া ছাত্র ফোরামের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।
এডভোকেট সাইফুল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হিসেবে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন- সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং কারাবরণ করেছেন । তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও ক্রীড়াসংগঠনের সাথে জড়িত আছেন।
সাইফুল চট্টগ্রামে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ( রাজউক), কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী মনোনীত হয়েছেন।
তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ , সাবেক যুগ্মসচিব ও বর্তমান চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ানসহ অসংখ্য নেতাকর্মীদের মামলা পরিচালনা করেছেন।
এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,“মহান আল্লাহর ইচ্ছায় রাষ্ট্রে পক্ষে সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছি। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।”