চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা ঘটনায় প্রেস ক্লাব-সিএমইউজে নেতৃবৃন্দের নিন্দা

পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রামের সীতাকুন্ডস্থ জঙ্গল সলিমপুরে দুস্কৃতিকারীদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। রবিবার সকাল এগারোটায় এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামরাপার্সন পারভেজ রহমান জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহের কাজে গেলে স্থানীয় সন্ত্রাসীরা এই দুই সাংবাদিকের ক্যামেরা ভাংচূর করে ছিনিয়ে নিয়ে গেছে। এছাড়া সাংবাদিকদ্বয়ের পেশাগত পরিচয়পত্র এবং ক্রেডিট কার্ডসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজের নেতৃবৃন্দ।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, গতকাল রাতে জঙ্গল সলিমপুর এলাকায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতসহ আহত হয়েছে আরো অনেকে। গত রাতের ঘটনার পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহের জন্য গেলে চিহ্নিত সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালায়, যা নিন্দনীয় ও গণমাধ্যমের কন্ঠরোধের অপচেষ্টার শামিল। সাংবাদিকের ওপর এই হামলা কোনোমতেই বরদাস্ত করা হবে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম, গোলাম মওলা মুরাদ ও সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারন সম্পাদক সালেহ নোমান স্বাক্ষরিত এই যৌথ বিবৃতিতে বলা হয়, জঙ্গল সলিমপুর দির্ঘদিন থেকে দাগি আসামী ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। সাংবাদিকদের ওপর এই ধরনের নগ্ন হামলা মুক্ত গণমাধ্যমের প্রতি হুমকীস্বরূপ। গণতান্ত্রিক ও সভ্য সমাজ এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম মেনে নিতে পারে না। হামলাকারীরা কোন ধরনের রাজনৈতিক দলের প্রশ্রয় যাতে না পায় সে ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন