বরিশলে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভা

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আজ (শনিবার) সার্কিট হাউজ সম্মেলনকক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন বলেছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। ২০০৪ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন প্রণয়ন করা হয় এবং পরবর্তীতে ২০১৩ সালে এর সংশোধন আনা হয়। এসডিজি সফলভাবে বাস্তবায়ন করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ খুবই গুরুত্বপূর্ণ। এই নিবন্ধনের হার বাড়াতে হলে সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময়য় সভায় তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের মাঝে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের প্রয়োজনীয়তা তুলে ধরে তাদেরকে সচেতন করতে হবে। এসময় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জেলা টাস্কফোর্সকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উন্মোক্ত আলোচনা পর্বে বক্তারা বরিশালে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, বাবা-মায়ের সচেতনতার অভাব, বাল্যবিবাহ ও দারিদ্র্যসহ নানান কারণে এই জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন হারে পিছিয়ে রয়েছে। এছাড়া বরিশালে নিম্ন জন্মহার এবং মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে সাধারণ মানুষের মধ্যে অনিহা এর পেছনে অন্যতম কারণ বলে মন্তব্য করেন উপস্থিত বক্তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এসময় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জেলা টাস্কফোর্স সদস্য, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।