বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সমস্ত দ্বীনের উপর ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তায়ালা রাসূল (সঃ) কে পাঠিয়েছিলেন। আমাদেরও একই কাজ করতে হবে। আর সমস্ত বাতিলের উপর দ্বীনকে বিজয়ী করতে রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানুষের তৈরী করা সমস্ত মতবাদকে নিচে রাখতে হবে এবং আল্লাহর কালেমাকে উপরে উঠাতে হবে।
তিনি আরো বলেন, আমাদের জান ও মাল সব কিছুই দেয়া আল্লাহর। তাই আমাদের কাজ হলো তার শুকরিয়া আদায় করা।
আমরা সকল হুকুম মানবো আল্লাহর। সবকিছুর উপরে আল্লাহর হুকুম পালন করাকে জীবনের সর্বক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। রুকনদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সক্রিয় থাকতে হবে, কোনো ভাবে দুর্বল হওয়া যাবেনা।
শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার উদ্যোগে থানার কার্যালয়ে ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার মাধ্যমে অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুতি পূরণ করবে। যারা সুষ্ঠু নির্বাচন চায় না, তারাই নির্বাচনের বিরোধিতা করছে। তারা যেনতেন একটি নির্বাচন দিয়ে পুরোনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়।
তিনি বলেন, অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি। আমাদের মাঝে জুলাইয়ের চেতনা এখনো আছে। আমরা বিভক্ত হইনি। যারা পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না, তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। তাই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না।
সম্মেলনে সভাপতিত্ব করেন থানা আমির মুহাম্মদ আবদুল গফুর এবং সঞ্চালনা করেন থানার সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পবিত্র কুরআন থেকে দারসুল কুরআন পেশ করেন পতেঙ্গা থানার নায়েবে আমির, ইসলামী চিন্তাবিদ ও পতেঙ্গা ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ড. আবদুল মোতালেব। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা শফিউল আলম।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন থানা নায়েব আমির ডা. আবদুল মতিন তালুকদার, সহকারী সেক্রেটারি ফজলে এলাহী মুহাম্মদ শাহীন, প্রশিক্ষণ সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসাইন, ২৮ নম্বর ওয়ার্ড আমির কবির আহমদ, ২৯ নম্বর ওয়ার্ড আমির মুহাম্মদ ইব্রাহীম, ৩০ নম্বর ওয়ার্ড আমির হারুন অর রশিদ দিদার প্রমুখ।