সাংবাদিকদের সম্মানে চট্টগ্রাম মহানগর বিএনপি’র ইফতার মাহফিল

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো বিচারহীনতায় বিশ্বাস করে না। ইতোমধ্যে প্রায় ২হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যথাযথ তদন্তের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। আধুনিক বাংলাদেশ গঠনে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যারা নির্বাচন এড়িয়ে অন্য পন্থা অবলম্বন করতে চায়, তারা গণতন্ত্র ও জনগণের অধিকার হরণের পক্ষে অবস্থান করছে।

শনিবার (২২ মার্চ ) বিকেল ৪টায় চট্টগ্রামের কাজীর দেউরী সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে দেশের গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল উল্লেখ করে তিনি বলেন, সত্য প্রকাশের মাধ্যমে তারা দেশ ও জাতির সামনে বাস্তব চিত্র তুলে ধরেছেন। এজন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সবসময় সত্য ও ন্যায়বিচারের পক্ষে থাকবেন, এটাই জনগণের প্রত্যাশা।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জনগণ আজ কঠিন সময় পার করছে। গণতন্ত্র, আইনের শাসন ও মৌলিক অধিকার হরণের ফলে দেশ একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের দমন-পীড়ন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য শামছুল আলম। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কগণ, সাংগঠনিক সম্পাদকগণ, চট্টগ্রামের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিত্বগণ।

আরও পড়ুন