চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ফিরে পেয়েছেন এই আসনে ২০০৮ সালে চারদলীয় জোটের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ মিজানুল হক চৌধুরী। এক শতাংশ সমর্থকের তালিকায় ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তার বাতিল করা মনোনয়ন গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানী ঢাকায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া এক শতাংশ সমর্থকের তালিকায় ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। পরে এর বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বৈধ বলে রায় দেন।
মনোনয়ন ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, এক শতাংশ সমর্থকের তালিকায় কিছু ত্রুটির কারণে মনোনয়ন বাতিল হয়েছিল। এ বিষয়ে আপিল করার পর আজ (বৃহস্পতিবার) কমিশন প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। আমি এখন সম্পূর্ণ বৈধ প্রার্থী। চট্টগ্রাম-১৪ আসনসহ সারা দেশে এ বিষয়ে যারা আমার পাশে ছিলেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই