আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড এবং (পাহাড়তলী- আকবর শাহ আংশিক) আসনে বিএনপি মনোনীত মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ কর্তৃক দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ ঘোষণার সময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে প্রস্তাবকারী ও সমর্থনকারী হিসেবে সীতাকুন্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর ও পৌরসভা বিএনপির আহ্বায়ক মাস্টার জাকির হোসেন উপস্থিত ছিলেন। তএছাড়া আসলাম চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ মোরছালিন, সীতাকুন্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, আসলাম চৌধুরীর আইনজীবী এডভোকেট নাছিমা আক্তার ডলি, এডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন রনি, এডভোকেট কে এম সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর আসলাম চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, “মহান রব এর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার জনগণের প্রত্যাশা পূরণে আমার চেষ্টার কমতি থাকবে না ইনশাল্লাহ। এই থেকে নির্বাচন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এটাই প্রত্যাশা করি। নির্বাচনী আচরণবিধি মেনে নেতাকর্মীদেরকে প্রচার চালানোর আহবান করছি। জনদূর্ভোগ তৈরী হয় এমন কোনো কার্যক্রম না করার জন্যও সকলের প্রতি অনুরোধ রইল।“