লামায় বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর শোডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বান্দরবানের লামা পৌর শহরে স্মরণকালের বিশাল শোডাউন করে প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত বান্দরবান- ৩০০ নং আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে লামা পৌর বাস টার্মিনাল থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বর সমাবেশ স্থলে এসে মিলিত হয়।

এসময় ধানের শীষের পক্ষে বিশাল শোডাউনে সাচিং প্রু জেরীর সঙ্গে অংশ নেন লামা উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ,ব্যবসায়িক, সাবেক জনপ্রতিনিধি, কষক-শ্রমিক, তরুণ প্রজন্মের যুবক – শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নানা বয়সের হাজার হাজার নারী-পুরুষ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।