চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন স্থানীয় সাংবাদিক ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় কাচ্চি ডাইন কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যাপক আমজাদ হোসাইন আসন্ন জাতীয় নির্বাচনে দলের লক্ষ্য, পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাজনীতির অঙ্গীকার ব্যক্ত করেন।
অধ্যাপক আমজাদ বলেন, “সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি হলো নিরাপদ নৌযাতায়াতের অভাব। প্রতিদিন মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিতে হয়। একই সঙ্গে চিকিৎসা ব্যবস্থার ঘাটতিও বড় সংকট। সামান্য অসুস্থতাতেই মানুষকে চট্টগ্রাম শহরে যেতে হয়।”
তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে সন্দ্বীপে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করবেন এবং নিরাপদ, আরামদায়ক ও আধুনিক নৌযান চালু করবেন।
এছাড়াও প্রাথমিকভাবে পাঁচটি কেবিনযুক্ত মিনি শিপ চালুর পরিকল্পনার কথাও তিনি জানান।
অধ্যাপক আমজাদ হোসাইন তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমার স্বপ্ন সন্দ্বীপ হবে একটি পর্যটনবান্ধব আধুনিক জনপদ।
এজন্য চারপাশে মেরিন ড্রাইভ সড়ক ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। নতুন চর এলাকায় শিল্প-কারখানা, বিশেষ করে গার্মেন্টস সেক্টর গড়ে তোলা হবে।” তিনি আরও বলেন, “মাদক ও সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ সন্দ্বীপ গড়তে চাই।
যাতে মানুষ একদিন কক্সবাজার নয়, ভ্রমণে আসবে সন্দ্বীপে।” নিজের রাজনৈতিক দর্শন তুলে ধরে অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, “আমি রাজনীতি ক্ষমতার জন্য করি না, করি সেবার জন্য আমার মূলনীতি হলো সততা, সেবা ও উন্নয়ন। কমিশন বা স্বার্থভিত্তিক রাজনীতি নয়—আমি বিশ্বাস করি কথায় নয়, কাজে পরিবর্তন আনতে হয়।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারাই সমাজের দর্পণ।জনগণের কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। আমি একা কিছুই করতে পারব না, আপনাদের সহযোগিতা, দোয়া ও সমর্থনই আমার শক্তি।”