অন্তর্বর্তীকালীন সরকারও এখন শেখ হাসিনার সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এখন শেখ হাসিনার সুরে কথা বলছে। আগে শেখ হাসিনা বলতেন, আমরা উন্নয়ন করছি, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, তাই নির্বাচন কেন দরকার? এখন অন্তর্বর্তী সরকারও বলছে, আমরা সংস্কার করছি। অর্থনৈতিক উন্নয়ন করছি। আমরা আপনাদের বলছি, সরি। সংস্কার আপনাদের কাজ না। আপনাদের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম ক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
এছাড়া, পুরো অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর পিএস মোহাম্মদ সেলিম এবং মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।