সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যা তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনার পরিশোধে ‘চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজের যৌথ বিবৃতি’
সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)। একই সঙ্গে তাঁর আত্মহত্যার প্রকৃত কারণ, পেছনের পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের ভূমিকা ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি’ জানিয়েছে দুই সংগঠন।
এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, পুলক চ্যাটার্জির মৃত্যুর আগে তাঁর আর্থিক সংকট, পাওনা সার্ভিস বেনিফিট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তাঁর রেখে যাওয়া নোট, পারিবারিক ও কর্মজীবনের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করতে হবে। তদন্তে কোনো অনিয়ম, অবহেলা বা বেআইনি আচরণের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ন্যায্য পাওনা পরিশোধে দীর্ঘসূত্রতা এবং চাকরির অনিশ্চয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর চাকরি হারালে তাঁদের সার্ভিস বেনিফিট ও অন্যান্য আইনসঙ্গত পাওনা দ্রুত পরিশোধ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। পুলক চ্যাটার্জির মৃত্যুর ঘটনা সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার প্রশ্নটি নতুন করে সামনে এনেছে। দৈনিক সমকাল কর্তৃপক্ষ পুলক চ্যটার্জির পাওনা পরিশোধে যে তাল-বাহানা করেছে তা রীতিমত শাস্তিযোগ্য অপরাধ।
একইভাবে এই পত্রিকাটি চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজে সদস্য ও সমকালের চট্টগ্রাম ব্যুরোর সাবেক সিনিয়র সাংবাদিক রুবেল খানের বকেয়া সার্ভিস বেনিফিট পরিশোধের ক্ষেত্রেও তালবাহানা করছে উল্লেখ করে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজের নেতৃবৃন্দ বলেন, রুবেল খান দীর্ঘদিন সমকালে কর্মরত ছিলেন। খুবই অমানবিকভাবে তাকে চাকুরিচ্যুত করা হয়েছিলো। ভূল চিকিৎসায় একমাত্র কন্যা রাইফার মৃত্যূতে রুবেল খান যখন বিপর্যস্ত ছিলেন তখনই দৈনিক সমকাল কর্তৃপক্ষ তাকে চাকুরীচ্যূত করে। আরো দূ:খজনক হলো এতদিনেও সমকাল কর্তৃপক্ষ তাঁর পাওনা পরিশোধ করেনি, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তাঁর পাওনা নির্ধারণ করে দ্রুত পরিশোধ করতে হবে এবং এ বিষয়ে কর্তৃপক্ষকে স্পষ্ট অবস্থান জানাতে হবে।
দুই সংগঠনের নেতারা বলেন, ‘পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত এবং রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধ—দুটি বিষয়ই সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।’ কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সাংবাদিকদের বেতন-ভাতা, সার্ভিস বেনিফিট ও চাকরিচ্যুতির ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ উদঘাটনে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত’, রুবেল খানের ‘বকেয়া সার্ভিস বেনিফিট দ্রুত পরিশোধ’, এবং গণমাধ্যমকর্মীদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করা হয়। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা ও পাওনা সংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বার্তা প্রেরক সাইফুল ইসলাম শিল্পী, সাংগঠনিক সম্পাদক, সিএমইউজে