চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক পত্রিকা আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক এর নামে দেয়ালে সাঁটানো ও স্যোশাল মিডিয়ায় প্রচারিত একটি মিথ্যা, ভিত্তিহীন ও আজগুবি পোস্টারের প্রতিবাদ জানিয়েছেন তরুণ এই সমাজকর্মী। শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টারটিতে শুরুতেই লেখা “প্রত্যাবর্তন ২.০ লোডিং“। তারপর আছে “দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন“। তারপর রয়েছে “ডেডলাইন নভেম্বর, হেড লাইন ডিসেম্বর“। পোস্টারের নিচে ওয়াহিদ মালেক এর পদবী লেখা রয়েছে “উপদেষ্টা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।“
প্রকাশিত পোস্টারটিকে ভুয়া, মানহানিকর, ভিত্তিহীন উল্লেখ করে এক ফেসবুক স্ট্যাটাসে ওয়াহিদ মালেক বলেন, “আমি ওয়াহিদ মালেক দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই যে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সম্পৃক্ততা নেই।“
তিনি বলেন, “সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র আমার নাম ও ছবি ব্যবহার করে পোস্টার ছাপিয়ে নগরীর বিভিন্ন স্থানে দেয়ালে সাঁটাচ্ছে। এ ধরনের পোস্টারের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার, যার মাধ্যমে আমাকে সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।“
ওয়াহিদ মালেক দাবি করেন, আমি ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।“
এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
এদিকে এ ধরণের মিথ্যা ও বানোয়াট পোস্টার দেখে চট্টগ্রামের আপামর জনসাধারণ হতবাক হয়ে গেছেন। তারা স্যোশাল মিডিয়ায় বিভিন্ন স্ট্যাটাস ও কমেন্টস এর মাধ্যমে এ ধরনের জঘন্য প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
লায়ন্সের যুব সংগঠন লিও জেলার সাবেক সভাপতি ও লায়ন্স ক্লাব অব চিটগাং এর সক্রিয় সদস্য লায়ন আবু নাছের রনি বলেন, ২৫ বছর ধরে ওয়াহিদ মালেক ভাইকে চিনি। তিনি বা তাদের পরিবার কোনো ধরনের রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয়। তিনি সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের সেবায় যতটুকু সম্ভব সাহায্যের হাত প্রসারিত করেন। এটা মিথ্যা ও ভিত্তিহীন একটি প্রচারণা ছাড়া কিছুই নয়।