চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশ আজ কঠিন পরিস্থিতিতে নিমজ্জিত। আওয়ামী স্বৈরাচারী সরকার রাষ্ট্রের সকল কাঠামো ধ্বংস করে দেশকে ধ্বংসস্তুপে পরিণত করে গেছে। দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ প্রতিটি ক্ষেত্রে বিশৃঙ্খলতা ও স্থবিরতা বিরাজ করছে। যার ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দীর্ঘ একযুগের বেশী সময় ধরে জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। মানুষ তাদের প্রত্যক্ষ ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়। যে সরকার তাদের প্রত্যাশা পূরণে কাজ করবে। তাই জনগণের দীর্ঘ সময়ের লালায়িত স্বপ্ন বাস্তবায়নে দেশের সকল গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও জনগণের স্বার্থে আমরা সবাই এক ও অভিন্ন। দেশকে সঠিক পথে পরিচালিত করতে ও গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচনের কোন বিকল্প নেই। আমরা যদি সঠিক সময়ে নির্বাচন সুসম্পন্ন করতে পারি তাহলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। অন্যথায় আমাদের দীর্ঘ ১৬ বছরের ঐতিহাসিক আন্দোলন-সংগ্রাম ও নেতাকর্মীদের সকল আত্মত্যাগ ব্যর্থ হবে।
শুক্রবার (০৭ নভেম্বর) দুপুরে ১৬নং চকবাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতে ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামতে ও রাষ্ট্র গঠনে তারেক রহমান প্রদত্ত ৩১দফার বিকল্প নেই । এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের অধিকার ও মতামতের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। বিএনপি প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাস করেনা। প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করবো। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের জীবনমানের প্রকৃত উন্নয়নই হবে আমাদের রাজনীতি।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক য্গ্মু সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কায়সার লাবু, চকবাজার থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রমজু মিয়া, বিএনপি নেতা গিয়াসউদ্দিন ভূইয়া, এম এ হামিদ, চকবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ হালিম বাবলু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সাবেক সহ-সভাপতি নাছিম চৌধুরী, চকবাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহেদুল হক জাকু। বক্তব্য দেন চকবাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মো. জসিম বাদশা, মো. সিরাজ, মো. শওকত, মো. গফুর, মো. কালাম, মো.মিজান, মালেক, জাহাঙ্গীর প্রমুখ।