বাংলাদেশের মধুর সৌন্দর্য্য সাম্প্রদায়িক সম্প্রীতি : আমীর খসরু

শুধু দক্ষিণ এশিয়া নয়, সারা বিশে^ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য নজির হিসেবে গণ্য হয়। সকল ধর্মের মানুষ মিলেমিশে তাদের স্ব-স্ব ধর্মীয় অনুষ্ঠানাদি নির্বিঘ্নে উদযাপনের যে রীতি, তা অবশ্যই আশেপাশের অনেক দেশের জন্য অনুকরণীয়। বাংলাদেশের পজিটিভ ও মধুর স্মৃতি তথা সৌন্দর্য্যের অন্যতম উদাহরণ সাম্প্রদায়িক সম্প্রীতি। এ প্রীতির বন্ধনকে মজবুত ও আরও সুদৃঢ় করতে সকলের সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে হবে বলে দাবি করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে হিন্দুদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা পরিদর্শনকালে উপরোক্ত মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, সারাদেশে বিশেষত চট্টগ্রামে আমরা বিভিন্ন ধর্মাবলম্বীরা একই এলাকায় বসবাস করে আসছি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সকলের ধর্মীয় উৎসবে অন্যধর্মের লোকদের অংশগ্রহণ, সহযোগিতা আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এখানে যারা ধর্মীয় বিভাজন বা ফ্যাসাদ তৈরী করতে চায়, তারা ব্যক্তিস্বার্থ কিংবা গোষ্ঠীগত কোনো ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত। এদেশের মানুষ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে আসছে যুগ যুগ ধরে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়ক এরশাদ উল্ল্যাহ, সদস্য সচিব নাজিমুর রহমান,
নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, রাজীব ধর তমাল, উজ্জ্বল বরণ বিশ্বাস, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, এডভোকেট নিখিল কুমার নাথ, শফিকুর রহমান স্বপন, মঞ্জুরুল আলম মঞ্জু, জাফর আলমসহ অন্যরা।

আরও পড়ুন