চট্টগ্রাম ষোলশহর স্টেশন মাস্টারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনকে ঘিরে একাধিক অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, স্টেশন মাস্টারের প্রত্যক্ষ মদদে প্রতিদিনই স্টেশন এলাকার অবৈধ স্থাপনাগুলো থেকে টাকা আদায় করা হচ্ছে। প্রতিটি অবৈধ স্থাপনা থেকে দৈনিক গড়ে ২শ’ টাকা কিংবা মাসিক ৫ হাজার টাকা করে মাসোহারা তোলা হয়। শুধু দোকানপাট নয়, স্টেশনের আশপাশের বিভিন্ন মাদক স্পট থেকেও নিয়মিত চাঁদা নেওয়া হয় যার ফলে স্টেশন এলাকায় মাদক ব্যবসা ক্রমাগত বেড়েই চলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, স্টেশন মাস্টারের এক প্রতিনিধি আমার কাছ থেকে প্রতিমাসে পাচ হাজার টাকা করে নেন। আমরা বাধ্য হয়ে টাকা দিচ্ছি। না দিলে ব্যবসা চালানো সম্ভব হয় না। অথচ এসব অনিয়মের ব্যাপারে সবাই জানলেও কেউ মুখ খোলার সাহস পায় না।

এদিকে সচেতন মহলের দাবি, দীর্ঘদিন ধরে ষোলশহর স্টেশন এলাকায় এই চাঁদাবাজি চলছে। ফলে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন এবং এলাকায় মাদককারবারিদের কার্যক্রম দিন দিন বেড়ে যাচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ষোলশহর স্টেশন মাষ্টার আরিফুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আানা সকল অভিযোগ মিথ্যা। শত্রুতার জেরে কেউ আমার ক্ষতি করার চেষ্টা করছে। এ স্টেশনে থাকার ইচ্ছে নেই। সুযোগ থাকলে অন্য কোথাও বদলি হয়ে যেতাম।

আরও পড়ুন