পর্যটন দিবসে পর্যটন বিষয়ক সচেতনতা তুলে ধরার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি তথা শোভাযাত্রা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হোটেল সৈকতে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন, চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রতিনিধি, হোটেল ও রিসোর্ট মালিকগণ, পর্যটন সংগঠনের সদস্য, গাইড ও ভ্রমণবিষয়ক উদ্যোক্তাসহ নানা শ্রেণিপেশার মানুষ।
এবারের বিশ্ব পর্যটন দিবসে “টেকসই উন্নয়নে পর্যটন“ প্রতিপাদ্যকে তুলে ধরতে র্যালিতে বর্ণাঢ্য সাজ ছিলো চোখে পড়ার মতো। র্যালিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও শ্লোগানের মাধ্যমে পর্যটনের টেকসই উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ এবং স্থানীয় পর্যটনখাতকে আরও শক্তিশালী করার বার্তা ছড়িয়ে দেন। জনসচেতনতামূলক বার্তা সমৃদ্ধ ও উৎসবমুখর পরিবেশে দৃষ্টি নন্দন র্যালি নজর কেড়েছে নগরবাসির।