নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে মোহাম্মদ মোসলেহ উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে কিডস হ্যাভেন কিন্ডারগার্টেনের পাশে ইউসুফ ম্যানশনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকের চট্টগ্রামের পটিয়া উপজেলায়। বর্তমানে তিনি বহদ্দারহাটের বাড়ইপাড়ার ইউসুফ ভবনে বসবাস করছিলেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোসলেহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় শতাধিক জিহাদি লিফলেট, খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান, বই-পুস্তক, ফেস্টুন, ব্যানার, পতাকা, টিশার্টসহ বিভিন্ন প্রচারণামূলক সরঞ্জাম পাওয়া যায়।
চান্দগাঁও থানার ওসি মোঃ জাহেদুল কবির জানান, ভোররাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য হওয়ার কথা স্বীকার করেছেন।