চাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থী হচ্ছেন যারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দুইটায় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে ভিপি পদে ছাত্রদল থেকে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন দর্শন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন এবং জিএস পদে লড়বেন ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষাথী মো. শাফায়াত হোসেন এবং এজিএস পদে প্রতিদ্বন্ধিতা করবেন আইয়ুবুর রহমান তৌফিক।

ঘোষিত প্যানেল থেকে অন্যান্য পদে যারা প্রতিদ্বন্ধিতা করবেন তারা হলেন খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে আজহারুল ইসলাম, সহ খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে জয় বড়ুয়া, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. মোজাম্মেল হক, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে শহীদুল কায়সার, দপ্তর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক পদে শাহরিয়ার উল্লাহ ফাহাদ, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নুজহাত জাহান, সহছাত্রী কল্যাণ সম্পাদক পদে শাফকাত শফিক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মো. ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে ফাইরুজ সাদাফ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক পদে মোহাম্মদ আবরার, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মো. সায়েম উদ্দিন আহমেদ, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আবদুল্লাহ আল সাকিব এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মো. জাবেদ নির্বাচন করবেন। সদস্য পদে ফয়সাল প্রান্ত, মিজান মিয়া, নুসরাত জাহান, এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

প্যানেল ঘোষণার প্রাক্কালে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের নানা সমস্যা ও সংকট নিরসনে ছাত্রদল সবসময় কাজ করে আসছে, ভবিষ্যতেও করবে ইনশাল্লাহ। সকল দল মত সম্প্রদায়ের জন্য সহাবস্থান তথা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতই ছাত্রদলের মূল লক্ষ্য।

তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে, প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।

আরও পড়ুন