লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন চারটি লিও ক্লাবের যৌথভাবে স্কুলিং তথা প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর লায়ন্স ফাউন্ডেশনের হালেমা-রোকেয়া হলে চারটি লিও ক্লাবের এই যৌথ স্কুলিং কার্যক্রম সম্পন্ন হয়।
লিও জেলার রিজিয়ন ডিরেক্টর লিও রাহুল দাশের সভাপতিত্বে ও জোন ডিরেক্টর লিও নুর মোহাম্মদ এবং লিও কামরুজ্জামান মজুমদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রশিক্ষক হিসেবে ছিলেন লিও জেলার প্রাক্তন সভাপতি লায়ন আবুল খায়ের এবং লায়ন জোনায়েত রহমান রিফাত।
এতে লিও ক্লাব অব চিটাগাং বন্ধন, লিও ক্লাব অব চিটাগাং রোজভ্যালী, লিও ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েস্ট এবং লিও ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টার এর প্রায় দুই শতাধিক লিও অংশগ্রহণ করেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলার সভাপতি লিও মোহাম্মদ শওকত হোসেন, সদ্য প্রাক্তন সভাপতি লিও দীপ্ত দে, লিও জেলার সেক্রেটারী লিও রাফিদ মোঃ আহনাফ, ট্রেজারার লিও হোসাইন মোহাম্মদ ইমরান নিক্সন, বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন আবু তাহের, লায়ন সাজ্জাদ হোসাইন টিপু, বন্ধন লিও ক্লাবের এডভাইজার লায়ন মোঃ পারভেজ।
স্কুলিংয়ে লায়ন্স তথা লিওইজমের নানা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। লিওইজমের ইতিহাস, ঐতিহ্য এবং সামনের দিনে নেতৃত্ব বিকাশে করণীয় ও কর্মপন্থা নিয়ে প্রশিক্ষকদ্বয় এবং নেতৃবৃন্দ বিস্তারিত আলোকপাত করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী লিওদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।