চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪জন। সোমবার ভোর পৌনে ৫টার দিকে নগরের সিটি গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ৫ জনই সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।
জানা যায়, সিটি গেট এলাকায় একটি দাঁড়ানো কাভার্ডভ্যানের পেছনে সীতাকুণ্ড থেকে চট্টগ্রামমূখী একটি পিকআপভ্যান পেছনে ধাক্কা দিলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫) তাদের বাড়ি উপজেলার ফৌজদারহাট এলাকায় এবং নিহত পিক-আপের চালক মোঃ সোহাগ (৩২) এবং জুয়েল দাসের (১৮) বাড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামে। দুর্ঘটনার সময় তারা মাছ কিনতে সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরের ফিশারিঘাটের উদ্দেশে যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, সিটি গেট এলাকায় রাস্তার পাশে চট্টগ্রাম শহরমুখী হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হয় পিকআপ। ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ এবং ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার হওয়া মরদেহ পুলিশে সোপর্দ করা হয়।
আকবার শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সিটি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। ৩ জন ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজন হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বর্তমানে আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলের পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
এদিকে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার ঘটনায় সীতাকুণ্ডে শোকের ছায়া নেমে আসে। নিহত ৫ পরিবারে চলছে শোকের মাতম। বিকালে নিহত ৫ জনের মৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।