চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিতব্য আগামী ০৮ আগস্ট,২০২৫ খ্রীস্টাব্দ তারিখ শুক্রবার পুনর্মিলনী অনুষ্ঠান রাস্ট্রীয় “রেড এলার্ট” ও প্রবল বর্ষণজনিত কারণে এলামনাই সদস্যদের অনুরোধ বিবেচনায় নিয়ে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুনর্মিলনী অনুস্ঠানের বিষয়ে বিস্তারিত এলামনাই সদস্যদের জানিয়ে দেয়া হবে। আজকের প্রচার প্রকাশনা ও মিডিয়া উপকমিটির মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
শনিবার (২ আগস্ট) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে উদযাপন পরিষদের প্রচার, প্রকাশনা ও মিডিয়া উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপকমিটির সদস্য সচিব হাফিজ আল আসাদ।
সভায় প্রধান অতিথি ছিলেন এলামনাই এসোসিয়েশনের এডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য মোহাম্মদ একরামুল করিম, এম এ হালিম, উদযাপন পরিষদের সদস্য সচিব কামরুল হাসান হারুন এবং যুগ্ম সদস্য সচিব এমডি ফখরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন সোহেল, কামরুল মেহেদী, মোহাম্মদ ইব্রাহীম, আবু সাঈদ, রেজোয়ান নূর সিদ্দিকী, প্রচার ও মিডিয়া উপকমিটির সদস্য শাহেদুল ইসলাম, মোহাম্মদ হাছান, মোহাম্মদ মামুন রশীদসহ অনেকে।
সভায় বক্তারা এলামনাই এসোসিয়েশনের সার্বিক কার্যক্রম এবং সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অনুমোদিত একটি বিতর্কিত কমিটি সম্পর্কে উপকমিটির সদস্যদের অবহিত করেন। বক্তারা জানান, এস এম ফজলুল হক ও মুতাসিম বিল্লাহ ফারুকীর নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ ও অগঠনতান্ত্রিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ সর্বোচ্চ আদালত আপিল বিভাগেও বহাল রয়েছে।
২৮ জুলাই আপিল বিভাগের ১ নম্বর আদালতে শুনানি শেষে এস এম ফজলুল হকের ‘লিভ টু আপিল’ খারিজ করে হাইকোর্টকে রুল নিষ্পত্তির আদেশ দেন পূর্ণাঙ্গ বেঞ্চ। আদালতের এই সিদ্ধান্তের ফলে বিতর্কিত কমিটি আইনি বৈধতা হারিয়েছে।
সভায় জানানো হয়, পূর্বনির্ধারিত ৮ আগস্ট পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে রাষ্ট্রীয় “রেড এলার্ট” ও প্রবল বর্ষণের কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠান পেছাতে হয়েছে। আগামীতে অনুস্ঠিতব্য পুনর্মিলনীতে অংশগ্রহণকারীদের জন্য উপহার সামগ্রীসহ আকর্ষণীয় বেশ কিছু চমক রাখা হয়েছে।
সভায় আরও জানানো হয়, এলামনাই এসোসিয়েশনের বর্তমান বৈধ কাঠামো ও আইনি প্রক্রিয়া সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলন করা হবে।