আমদানি ও রফতানি বাণিজ্য সহজীকরণ ও দ্রুততার সাথে সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামের আগ্রাবাদে অত্যাধুনিক ল্যাবরেটরিসহ বিএসটিআইয়ের ১০তলা ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ জুন) বিএসটিআই নবনির্মিত বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ ফয়সাল আহমেদ শান্ত- এর মাতা মোছা: কহিনুর আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিএসটিআই এর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: শাহজালাল চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে শহিদ ফয়সাল আহমেদ শান্ত’র মাতা মোছা: কহিনুর আক্তার বলেন, শান্ত একটি সুন্দর, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখতো। সে চেয়েছিল এই দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রতিটি যুবকের মেধা ও শ্রমের সঠিক মূল্যায়ন হোক। আমার সন্তান যে লক্ষ্য পূরণে শহীদ হয়েছে, সেই লক্ষ্য যেন পূর্ণ হয়। তিনি আরো বলেন, আমি একজন মা, একজন শহীদ জননী। আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার আদর্শ, তার সংগ্রামী চেতনা, আমার হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বিএসটিআই দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের গতিশীলতা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজকে এ অত্যাধুনিক ল্যাবরেটরিসহ ১০ তলাবিশিষ্ট ভবন উদ্বোধনের মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামে আমদানি রপ্তানির ক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধি পাবে। পর্যায়ক্রমে চট্টগ্রামে বিএসটিআই’র ল্যাবরেটরিকে স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে বিএসটিআই’র সেবার জন্য চট্টগ্রামের মানুষকে ঢাকায় যাওয়ার প্রয়োজন হবে না। এটি এ অঞ্চলের শিল্প-বানিজ্যকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় এগিয়ে নেবে এবং ভোক্তা সুরক্ষাকে আরও শক্তিশালী করবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের ব্যবসায়ীবৃন্দ, চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআইয়ের কর্মকর্তাবৃন্দ।