চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সহ বন্দরের বিভিন্ন স্থাপনা বিদেশীদের ইজারা না দেয়ার দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে বিক্ষোভ মিছিলটি ৩নং জেটি গেইট থেকে শুরু হয়ে বন্দর ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহিদুল হাসান।
সভায় বক্তারা বলেন, নিউমুরিং টার্মিনাল বন্দরের সবচেয়ে আয়বর্ধক টার্মিনাল। বন্দরের নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজন করেছে। এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে এতে বন্দরের কোনো কর্তৃত্ব থাকবেনা। তাই অনতিবিলম্ব এনসিটি টার্মিনাল বিদেশীদের হাতে দেয়ার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তা বাতিল করতে হবে। অন্যতায় আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এতে আরও বক্তব্য রাখেন ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সেলিম, বন্দর ল্যাসিং আন ল্যাসিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইকবাল, বিএনপি নেতা মো: নাজিম প্রমুখ।
এটি/জেডকে/সিটিজি সংবাদ24