চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের উদ্যোগে ‘নিজস্ব ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনা ও প্রস্তাবনা শীর্ষক’ এক মত বিনিময় সভা সোমবার (১৩ মে) বন্দরে কর্মরত পরিবহন বিভাগীয় কর্মচারীদের সাথে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক সংঘের পরিবহন বিভাগীয় সেক্রেটারী ও ইসলামী শ্রমিক সংঘের সহ-সভাপতি রেজাউল করিম সেলিম। প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের প্রার্থী শফিউল আলম, বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।
এতে বক্তারা বলেন, বন্দরের নিজস্ব অর্থে নির্মিত ও অত্যাধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত এনসিটি টার্মিনাল বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। এনসিটি টার্মিনালে কন্টেইনার হ্যান্ডলিং প্রতিনিয়ত লক্ষ্যমাত্রা অর্জন করে চলেছে। এখানে বিদেশী বিনিয়োগের আর কোন সুযোগ নেই। এনসিটি নিয়ে দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি হলে চট্টগ্রাম ১১ আসনের সাধারণ মানুষদের নিয়ে তা প্রতিহত করা হবে।
বক্তারা দাবি করেন, বন্দরের শ্রমিক কর্মচারীরা আন্তর্জাতিক মানের বন্দরে কাজ করেও মানবেতর জীবন যাপন করছেন। বন্দরের শ্রমিক কর্মচারীদের জন্য আন্তর্জাতিক মানের পে-স্কেল, পোর্ট ডিউটি ১০০০০/- টাকা, ঝুঁকি ভাতা বেসিকের ৩০% সহ লভ্যাংশ দাবী করেন। সকল অপারেটরদের এবং কর্মচারীদের এনসিটি প্রকল্পের আওতায় এনে সাইফ পাওয়ার টেককে বিতাড়িত করতে হবে এবং নিজস্ব ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনা করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম রুমেল, শাহ আলম, আখতার ফারুক, জাহিদৃল ইসলাম, মোকাদ্দেস হোসেন প্রমুখ।