জমি দখলের প্রতিবাদ করায় চট্টগ্রামে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা

চট্টগ্রামের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিনের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় এক ব্যবসায়ীকে থানায় ডেকে নিয়ে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী হলেন নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকার ‘একতা প্লাস্টিক ফ্যাক্টরি’র মালিক মোঃ নোমান। মাত্র ৩০ মিনিটেই মামলা রুজু করে নোমান নামের ওই ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওসি ইফতেখার উদ্দিন “একান্ত কথা আছে” বলে নোমানকে থানায় ডেকে পাঠান । তবে থানায় পৌঁছানোর পর দেখা যায়, ওসি উপস্থিত নন। তবে তার নির্দেশনায় আগে থেকেই একটি মামলা প্রস্তুত রাখা হয়। কিছুক্ষণের মধ্যে নোমানকে গ্রেপ্তার দেখিয়ে রাজনৈতিক মামলায় আদালতে পাঠিয়ে দেওয়া হয়।

নোমান দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকায় বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার পরিবারের দাবি, সরকার পরিবর্তনের পর বিএনপির পরিচয়ে একটি প্রভাবশালী গোষ্ঠী তার ব্যবসা দখলে নিতে উঠে-পড়ে লেগেছে। চট্টগ্রাম বিএনপির এক শীর্ষ নেতার অনুসারীদের নেতৃত্বে ওই চক্রটি সক্রিয় রয়েছে বলে অভিযোগ মিলেছে।

বিশেষ সূত্র জানিয়েছে, গত ২৯ এপ্রিল নতুন ব্রিজ এলাকায় এক যুবদল পরিচয়ধারী গোষ্ঠী জমি দখলের চেষ্টা চালায়। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে টার্ফ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। জমির প্রকৃত মালিকরা এ ঘটনায় সংবাদ সম্মেলন করলে তাদের পাশে দাঁড়ান ব্যবসায়ী নোমান। এরপর থেকেই তিনি চক্রটির টার্গেটে পরিণত হন বলে জানা গেছে।

নোমানের পরিবার আরও বলেন, “নোমান একজন ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনে সব রাজনৈতিক দলের সঙ্গেই ছবি থাকতে পারে। কিন্তু সেই ছবি দেখিয়ে থানায় ডেকে এনে মামলা দেওয়া কোনো মতেই কাম্য নয়।“

নোমানের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রাসেল বলেন, “মে দিবসে আদালত বন্ধ থাকায় রবিবার শুনানি হবে। এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলা।”

এই বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ওসি ইফতেখার উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন