বিএনপি এদেশের মাটি ও মানুষের ভালবাসার প্রিয় আঙ্গিনা। প্রান্তিক মানুষের সুখে-দুঃখে পাশে দাড়িয়ে তাদের সারথী হওয়ার মধ্য দিয়েই ইতিবাচক পরিবর্তন তথা উন্নয়ন নিশ্চিত করাই বিএনপি’র দর্শন। ক্ষমতা কেন্দ্রীক রাজনীতির বাইরে মানবিক মূল্যবোধের যে চেতনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লালন করতেন, তারই ধারাবাহিকতায় আজ বিএনপি এদেশের মানুষের আস্থা আর ভালবাসার প্রথম পছন্দে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা সাঈদ আল নোমান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর শুরুর দিনে নগরীর বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের জন্য সেবা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সাঈদ আল নোমান আরও বলেন, ‘ বিএনপি জনমানুষের জন্য রাজনীতি করে। অতীতেও সাধারণ মানুষের পাশে দাড়িয়ে বিএনপি তাদের সহযোগী হওয়ার চেষ্টা করেছে। এসএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে উৎকন্ঠা কাজ করে। আমরা তাদের সে উৎকন্ঠা লাঘবে পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমাদের এ কার্যক্রম পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে।‘
সারাদেশের ন্যায় চট্টগ্রামেও শুরু হওয়া এসএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের নিয়ে আসা অভিভাবকদের জন্য ছাউনি তৈরী করে বসার ব্যবস্থা, পানি সরবরাহ, চেয়ার দিয়ে বসার ব্যবস্থাসহ নানা ধরনের সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে অভিভাবকদের কষ্ট কিছুটা লাঘব করাই এ কার্যক্রমের উদ্দেশ্য বলে বিএনপি নেতারা জানিয়েছেন। এতে অভিভাবকদের একটু স্বস্তি দিতে পরীক্ষাকেন্দ্রের মাঠে তৈরি করা হয় ‘ছাউনি’। সেইসঙ্গে সেখানে রাখা হয়েছে চেয়ার। এছাড়াও, তাদের মাঝে কোমল পানীয় বিতরণ করা হয়।