চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে সমাজকল্যাণ সচিবের মতবিনিময়

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এই সরকার গরিবের সরকার। অস্বচ্ছল ও সমাজে নিগৃহীত মানুষের কল্যাণে কাজ করে চলেছে বর্তমান সরকার। আগামী অর্থবছরে সামাজিক সুরক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এবার ঈদের আগে প্রায় ১ কোটি ২২ লাখ সুবিধাভোগীর মাঝে তাদের ভাতার অর্থ প্রেরণ করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ঈদপরবর্তী মতবিনিময় সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পন। সাংবাদিকদের সাথে সরাসরি জনসম্পৃক্ততা রয়েছে। আপনাদের থেকে শোনার পর আমাদের কর্মকাণ্ডে কোনো ভুল থাকতে তা শোধরাতে পারবো। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। সততা এবং নিষ্ঠার সাথে চলতে চাইলে কম আয় করেও ভালোভাবে চলা যায়। কাজের ক্ষেত্রে সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা দরকার। চট্টগ্রামের সন্তান হিসেবে চট্টগ্রামের প্রতি আমার দরদ একটু বেশি।

চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্র্বতী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নুরুল্লাহ নুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, উপপরিচালক মো, ফরিদুল আলম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, হাসান মুকুল, মোহাম্মদ আমিনুল ইসলাম, মজুমদার নাজিমউদ্দিন, সোহাগ ‍কুমার বিশ্বাস, কিরণ শর্মা, আবু বকর, মাহবুবুল মাওলা রিপন, আলমগীর নূর, এনাম হায়দার, জাহাঙ্গীর আলম, ফারুক মুনির, রূপালী বাংলাদেশ পত্রিকার সম্পাদক সায়েম ফারুকী, নওশীন প্রমুখ।

আরও পড়ুন