ডাকসু নির্বাচনে শিবিরের জয়জয়কার, ভরাডুবি ছাত্রদলের

২৮ পদের ২৩টিতেই জয়ী হয়েছে শিবির, কেউ নেই ছাত্রদলের

 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভরাডুবি হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের। নির্বাচনে  ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৮টি পদের মধ্যে তারা জয়ী হয়েছে ২৩টিতে। বাকি ৫টি পদ গেছে স্বতন্ত্র প্রার্থীদের দখলে। অন্যদিকে, কোনো পদেই সফল হতে পারেননি ছাত্রদল সমর্থিত প্রার্থীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাবির সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন । ভিপি পদে ছাত্রশিবির প্যানেলের সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদেও বিজয়ী হন মুহা. মহিউদ্দীন খান। এছাড়া আরও ২০ পদে বিজয় লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয়ী হন ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসিম, ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে লড়ে আসিফ আবদুল্লাহ, ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হন আরমান হোসাইন, কমন রুম, রিডিং রুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা, মানবাধিকার ও আইন সম্পাদক হন সাখাওয়াত জাকারিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এমএম আল মিনহাজ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম।

এছাড়াও, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন সাবিকুন্নাহার তামান্না, সর্বমিত্র, আনাস ইবনে মুনির, ইমরান হোসেন, তাজিনুর রহমান, মেফতাহুল হোসেন আল মারুফ, বেলাল হোসাইন অপু খান, রাইসুল ইসলাম, মো. শাহিনুর রহমান, মোছা. আফসানা আক্তার ও রায়হান উদ্দীন।

প্যানেলের বাইরে বাকি পাঁচ পদে জয়ী হয়েছেন অন্য প্রার্থীরা। তারা হলেন- সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী যুবাইর বিন নেছারী। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বী। সদস্য পদে হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।