এই প্রথমবার ডাকসুর ইতিহাসে স্বামী-স্ত্রীর জয় 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইতিহাস গড়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের দুই প্রার্থী। প্রথমবারের মতো এক দম্পতি একসঙ্গে নির্বাচনে জয়ী হয়েছেন। তারা হলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দিন ও উম্মে সালমা।

উম্মে সালমা ৯ হাজার ৯২০ ভোট পেয়ে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। অপরদিকে রায়হান উদ্দিন ৫ হাজার ৮২ ভোট পেয়ে কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হয়েছেন। রায়হান ২০১৮-১৯ সেশনের এবং উম্মে সালমা ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

বুধবার সকালে সিনেট ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন। তার আগের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট দেন শিক্ষার্থীরা। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ডাকসুর মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ প্রার্থী, যার মধ্যে নারী ছিলেন ৬২ জন। সহসভাপতি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে সহসভাপতি পদে ছিলেন ৫ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন।

মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। প্রায় ৮০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয় এবারের নির্বাচনে।