ফ্যাসিবাদবিরোধী ঐক্য জরুরি : নজরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরি।

শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা সমুন্নত রাখতে পারবে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার ছায়া সংসদে এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

এতে তেজগাঁও কলেজের বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকগণ বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ’২৪ এর গণঅভ্যুত্থানের বীর সেনানীদের সকলকে আমাদের ধারণ করতে হবে। তারাই রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেনো, তারা কেউই অগণতান্ত্রিক দল নয়, সকলেই গণতান্ত্রিক দল।’

তিনি বলেন, ‘কাজেই নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। নির্বাচনের প্রস্তুতি ও জনগণের আকাঙ্ক্ষা সবই নির্বাচনের পক্ষে আছে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই।’

বিএনপি নির্বাচিত হলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনে দলের অঙ্গীকারের কথা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা একটি জাতীয় সরকার বা ঐকমত্যের সরকার গঠন করব। তবে সকলকে সতর্ক থাকতে হবে যে, পতিত আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে।’