কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আলী আকবর ডেইল ইউনিয়নে শান্তি বাজার ব্লকে কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী।
এ সময় তিনি বলেন, কৃষকদের সঠিক তথ্যভান্ডার তৈরি হলে সরকারি কৃষি সহায়তা, প্রণোদনা ও বিভিন্ন উন্নয়নমূলক সেবা আরও সহজে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। কৃষি কার্ডের জন্য সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে সরকারি উদ্যোগকে সফল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ ছালাম কুতুবী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কুতুবী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস আজকের পত্রিকাকে জানান, আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তিবাজার ব্লকে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ব্লকের প্রায় ১ হাজার ২০০ কৃষকের তথ্য সংগ্রহ করা হবে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নের সকল ব্লকের কৃষককে কৃষক কার্ডের আওতায় আসবে। এখানে ফসল উৎপাদনকারি, জেলে, মৎস্যজীবি, খামারী, লবণ উৎপাদনকারি সহ অন্যপেশাজীবি জমির মলিক বা বর্গা চাষী সবাই নীতিমালা আওতায় থাকলে কৃষক কার্ড পাবে বলে তিনি জানান।