বান্দরবানের লামায় “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে” নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় হায়দারনাশী এম.এস. দাখিল মাদ্রাসার হলরুমে তথ্য অফিস, লামার উদ্যোগে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
হায়দারনাশী মাদ্রাসা সুপারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার উপসহকারী কৃষি অফিসার মিরাজুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অতিথি বক্তা মিরাজুল ইসলাম তাঁর বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি মোহাম্মদ রাশেদুল হক রাসেল সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, জন্মনিবন্ধন এবং তথ্য অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধি পাওয়া গুজব ও অপপ্রচার থেকে সাবধান থাকারও আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাদ্রাসা সুপার শিক্ষার্থীদের পড়াশোনার উন্নয়নে অভিভাবক ও শিক্ষক উভয়ের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার এবং শিক্ষার্থীদের ইতিবাচক চর্চার বিষয়ে দিকনির্দেশনা দেন।