সাগর-সৈকতের দ্বীপে পর্যটনের অপার সম্ভাবনা: কুতুবদিয়ায় পর্যটন দিবসের আলোচনায় বক্তারা

সারা দেশের ন্যায় সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা কক্সবাজারের কুতুবদিয়ায়ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।

শনিবার সোনারতরী ট্যুরিজম ও হোটেল সমুদ্র বিলাস কর্তৃপক্ষের সহযোগিতায় একটি র‌্যালি বের করা হয়।

এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারতরী ট্যুরিজমের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকবর খাঁন।

সাংবাদিক আবুল কাশেমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আরমান হোসেন, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল-আযাদ, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ফরহাদ মিয়া, প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম.এ. মান্নান, সদস্য নজরুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, কুতুবদিয়া দ্বীপ প্রকৃতি ও সৌন্দর্যে ভরপুর। এখানে রয়েছে বিস্তৃত বালুকাবেলা, ঝাউবন আর সমুদ্রের গর্জনময় ঢেউ। এগুলো শুধু স্থানীয়দের জন্য নয়, দেশি-বিদেশি পর্যটকদেরও জন্য আকর্ষণের এক বিশাল ভাণ্ডার। কিন্তু যথাযথ উদ্যোগ ও পরিকল্পনার অভাবে এ সম্ভাবনা আজও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

তাঁরা আরও উল্লেখ করেন, সরকারি-বেসরকারি সমন্বিত পদক্ষেপ নিলে কুতুবদিয়ায় গড়ে উঠতে পারে আধুনিক অবকাঠামোগত সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র। এতে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে, কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে এবং দেশের পর্যটন খাতেও যুক্ত হবে নতুন এক গৌরবোজ্জ্বল অধ্যায়।