পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অবঃ) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের আধুনিক টেকনোলজির ব্যবহার শেখানো হবে, যাতে তারা আরও স্মার্ট হয়ে দেশের মূল স্রোতধারার সাথে মিশে গিয়ে দেশের সুনাম অর্জন করতে পারে।
তিনি বলেন, সারা দেশে প্রযুক্তির ছোঁয়া লেগেছে। পার্বত্য এলাকার ছাত্র-ছাত্রীরাও এর থেকে বাদ যাবে না।
উপদেষ্টা শনিবার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত মূলফটক (তোরণ) উদ্বোধন শেষে প্রধান শিক্ষকের কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে পার্বত্য অঞ্চলে স্টারলিংক প্রযুক্তি চালু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের হাতে কলমে প্রযুক্তির ব্যবহার শেখানো হবে।
উপদেষ্টা আরও বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল ও আধুনিক করে গড়ে তুলতে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে জোর দিতে হবে। এসব বিষয়ে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দেয়া হবে এবং শিক্ষক নিয়োগে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না।
এসব উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, সরকারের উপসচিব খন্দকার শফিকুর রহমান, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সিনিয়র সহকারী সচিব শুভাশীষ চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জালাল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা পরিষদের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।