​ভাঙ্গায় হেবা দলিলকৃত জমি দখলে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পালক পিতার কাছ থেকে হেবা সূত্রে প্রাপ্ত জমি দখলে বাধা ও বাড়ি নির্মাণকাজ বন্ধসহ প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে গত ০২ অক্টোবর ২০২৬ তারিখে মানিক মাতুব্বর (২৬) নামের এক যুবক বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামের মানিক মাতুব্বরকে ছোটবেলা থেকেই সন্তান স্নেহে লালন-পালন করেন নিঃসন্তান মান্নান মাতুব্বর। মান্নান মাতুব্বর জীবিত থাকা অবস্থায় তাঁর নিজ মালিকানাধীন ১১৭ নং গোয়ালদী মৌজার আর.এস ৪৫৫, এস.এ ৩৩৭, ৩৯, বুজরত খতিয়ান নং-৬২০, ৪৪৩ এর আর.এস খতিয়ান নং-৫৩১ এর আর.এস/এস.এ দাগ নং-৫৬২, বি.এস দাগ নং-৭৩৮ এর ২৫ শতাংশ এবং আর.এস/এস.এ দাগ নং-৩৪৩, বি.এস দাগ নং-৪৪৫ এর ৩৭ শতাংশ—মোট ৬২ শতাংশ জমির মধ্যে ২৬ শতাংশ জমি মানিক মাতুব্বরকে রেজিস্ট্রি হেবা দলিল (দলিল নং-৪৮১১, তারিখ: ২৪/১০/২০১৭) মূলে হস্তান্তর করেন।

​ভুক্তভোগী মানিক মাতুব্বর জানান, পালক পিতা মান্নান মাতুব্বরের মৃত্যুর পর থেকেই তাঁর চাচা কালাম মাতুব্বর (৫৮), চাচাতো ভাই মোস্তফা ওরফে কালোন মাতুব্বর (৬০), সুজন মাতুব্বর (৩০) ও ছকের উদ্দিন মাতুব্বর (২৫) উক্ত জমি ও আমার পালক মায়ের নামে থাকা জমি নিয়ে বিভিন্নভাবে বিরোধ সৃষ্টি ও হয়রানি করে আসছেন।

​তিনি আরও জানান, রেজিস্ট্রিকৃত জমিতে তিনি বসতবাড়ি নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা বাধা প্রদান করেন। গত ০২ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় রাজমিস্ত্রি দিয়ে ঘরের কাজ করাকালে অভিযুক্তরা কাজ বন্ধ করে দেন এবং পুনরায় কাজ শুরু করলে খুন-জখমের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

এ ঘটনায় স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও অভিযুক্তরা তা অমান্য করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​এ বিষয়ে ভুক্তভোগী মানিক মাতুব্বর ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাক্রাতুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।