ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ককটেল, পেট্রোল বোমসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া ওই বাড়ি থেকে বিস্ফোরক তৈরির বারুদ, খালি বোতল, গান পাউডার, পেট্রোল, অকটেন সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে- ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিস্ফোরক তৈরির কার্যক্রম চলতে পারে।
১২ নভেম্বর বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। পুলিশের দেয়া প্রাথমিক তথ্যানুযায়ী আটককৃতদের মধ্যে রয়েছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে হোসেন রাজ ইসলাম(২৬), গাজিপুর জেলার জয়দেবপুর উপজেলার জামতলা গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে রাকিব মোল্লা (২৯) ও সুনামগঞ্জ জেলার তানোর উপজেলার ধর্মপাশা গ্রামের জামাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সৌদি প্রবাসী টিটু সরদারের পরিত্যক্ত চারচালা টিনের ঘরে বিস্ফোরক তৈরি করছিলেন তিন যুবক। ওই বাড়িটিতে কেউ থাকেন না। গতকাল মঙ্গলবার বা আজ বুধবার থেকে তাঁরা ওই বাড়িতে অবস্থান করেন বলে পুলিশের ধারণা। এ সময়ের মধ্যে ২৩টি পেট্রোলবোমা তৈরি করা হয় এবং আরও বিপুল পরিমান তৈরির প্রস্ততি চালাচ্ছিল তাঁরা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, আগামীকাল ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন উপলক্ষে একটি মহল বোমা তৈরি করছিল এমন সংবাদে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান চালানোর সময় বোমা তৈরি তে ব্যস্ত ছিল ওই তিন যুবক। আমাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে গেলে তিনজনকেই আটক করতে সক্ষম হই। এ সময় একজনের ডান হাতে আঘাত পেয়ে আহত হয়।