বরিশালে টাইফয়েড টিকাদানে সংবাদকর্মীদের অবহিতকরণ কর্মশালা

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের সংবাদকর্মীদের জন্য টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা আজ (মঙ্গলবার) বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় টাইফয়েড টিকা বিষয়ক উপস্থাপনা, টিকা সম্পর্কিত গুজব, বিগত টিকা সম্পর্কে ধারণা, টিকা রেজিষ্ট্রেশনের ভিডিও প্রদর্শন, ল্যাপটপের মাধ্যমে টাইফয়েড টিকা রেজিষ্ট্রেশনের ব্যবহারিক অনুশীলন এবং উপজেলাভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

কর্মশালায় জানানো হয়, বরিশালে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৭১৫টি। তন্মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৪ লাখ ৬১ হাজার ৯১৭টি টিকা এবং কমিউনিটি পর্যায়ে ২ লাখ ৩৬ হাজার ৭৯৮টি টিকা ৪ হাজার ৩৬৫টি কেন্দ্রে প্রদান করা হবে। টাইফয়েড টিকা গ্রহণে ভ্যাকসিনেশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে টিকা পাওয়ার জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের টিকা প্রদান করা হবে।

গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কর্মশালায় জানানো হয়, টাইফয়েড টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা সুপারিশকৃত যা নিরাপদ ও কার্যকর। টাইফয়েড টিকায় কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেওয়ার পরে বমি ভাব, টিকা গ্রহণের স্থানে লালচে রং ধারণ ও জ্বর হতে পারে। এটি কোন স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়। তবে যেকোন ধরনের অসুস্থতা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা টাইফয়েড টিকা গ্রহণ করতে পারবেন না।

উপস্থিত সাংবাদিকবৃন্দ উম্মুক্ত আলোচনায় তাদের মতামত প্রদান করেন। তারা বলেন, টিকাদান ক্যাম্পেইন গণমানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। এসময় ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং, আঞ্চলিক ভাষায় টিকার প্রয়োজনীয়তা প্রচার, টিকাসংশ্লিষ্ট বিজ্ঞানসম্মত তথ্য প্রদান, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে টিকা কেন্দ্রের তথ্য প্রদান, চরাঞ্চলে টিকাদান ক্যাম্পেইন ও রেজিস্ট্রেশন বৃদ্ধি করার ব্যবস্থা গ্রহণসহ ধর্মীয় উপাসনালয়ে সাধারণ মানুষকে অবহিত করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

বরিশাল জেলা তথ্য অফিসের উদ্যোগে ও ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মু’মেন, সিভিল সার্জন এস এম মনজুর-এ-এলাহি, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আহসান কবীর, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. শাকিলুজ্জামান, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন বক্তৃতা করেন।