ভাঙ্গায় ৬ স্থানে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর -২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে সংযুক্তির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, হামিরদী,পুকুরিয়া,আলগী ইউনিয়নের সুয়াদী,ঝাটুরদিয়া এবং ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এলাকায় সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে চলে এ সড়ক অবরোধ ও মানববন্ধন।

এ সময় মুনসুরাবাদ,সুয়াদী,হামিরদী ও ভাঙ্গা বাসস্ট্যান্ডের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে ।

মানববন্ধনে হামিরদী ও আলগী ইউনিয়ন এবং ভাঙ্গা পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। তাদের দাবি তারা ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে তারা সম্পৃক্ত হতে চান না।

এ সময় নেতাকর্মীরা নগরকান্দা না ভাঙ্গা, ভাঙ্গা, ভাঙ্গা স্লোগানের স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত একটি নোটিশ জারি হয়।

এতে প্রথমবারের মতো ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী নামক দুইটি ইউনিয়ন পার্শ্ববর্তী নগরকান্দা ও সালথার সঙ্গে ফরিদপুর -দুই আসনে সংযুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। এর প্রতিবাদ স্বরূপ সকাল সাড়ে আটটা থেকে ঢাকা -খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাস স্টান্ড,আলগী ইউনিয়নের সুয়াদী,ঝাটুরদিয়া,ফরিদপুর -বরিশাল মহাসড়কের হামিরদী এবং ভাঙ্গা পৌরসভার জনগণ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন ও বিক্ষোভ করছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্য বলেন, আপনারা শান্ত থাকুন।আপনাদের দাবি নির্বাচন কমিশনকে ইতোমধ্যে জানানো হয়েছে। আমরা সবাই ভাঙ্গা কে ভালোবাসি। আশা করি একটি সুষ্ঠু সমাধান হবে। এ সময় তিনি যানজট লাঘবে সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান।

পরে দুপুর পৌনে একটার দিকে সড়ক অবরোধ তুলে নেয়।