বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে (বৃহস্পতিবার) ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় জেলার অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের কল্যাণ ভাতার চেক প্রদান করা হয়। চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
জেলা প্রশাসক বলেন, সরকার সংস্কৃতির মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রতিবছরের ন্যায় এবারও সংস্কৃতিসেবীদের সাহাযার্থে তাদের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় বরিশালের ২৭ জনকে কল্যাণ ভাতার চেক প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি তুলে ধরতে হবে। সামাজিক কাজ বাড়াতে হবে। এর ফলে সমাজ থেকে মাদক ও অনৈতিক কাজ দূর হবে। এসময় তিনি বরিশালের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে সংস্কৃতিসেবীদের সুস্থ সংস্কৃতি ধারণ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমরা সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই। এ নতুন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরাই আমাদের সম্পদ। এ সম্পদকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা, সহকারী কমিশনার মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।