চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার বছরপূর্তিতে সংবাদ সম্মেলন

ভূমিসংক্রান্ত অভিযোগের নিষ্পত্তিতে দেশের সকল জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম জেলা। এছাড়াও অনলাইনে প্রবাসীদের নিয়ে গণশুনানি, জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করা, এক দিনে এক লক্ষ গাছের চারা রোপণ এবং প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ-এমন নানা উদ্যোগ ও অর্জনের মধ্য দিয়ে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

২০২৫ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের ৩৪তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন মাহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে রোববার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, দায়িত্ব গ্রহণের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করা ছিল প্রশাসনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ ছাড়া দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইনে ভূমিসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে চট্টগ্রাম দেশের সব জেলার মধ্যে প্রথম হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়েও সম্মাননা পেয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে, শিশু-কিশোরদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে আয়োজিত ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় আসরে সারা দেশের মধ্যে সর্বোচ্চসংখ্যক নিবন্ধন হয়েছে চট্টগ্রামে।

জেলা প্রশাসনের অন্যতম আলোচিত উদ্যোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করা। এ এলাকার নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ১৬ কিলোমিটার সড়ক নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানানো হয়।

পরিবেশ সংরক্ষণে গত ২৭ অক্টোবর এক দিনে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করে জেলা প্রশাসন। ‘একদিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রামের ১৬টি উপজেলা ও মহানগরীর প্রায় ১৫ হাজার মানুষ অংশ নেন। পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণে সরকারের জাতীয় পরিকল্পনার সঙ্গে স্থানীয় পর্যায়ের উদ্যোগকে যুক্ত করার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায়ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা ১০০ গ্রাম ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে। সংগৃহীত প্লাস্টিক পরিবেশসম্মত উপায়ে পুনর্ব্যবহারের জন্য বিশেষ চুক্তি করা হয়েছে। এ কার্যক্রম থেকে পাওয়া অর্থ পরিবেশ উন্নয়নমূলক কাজে ব্যয় করা হচ্ছে বলে জানানো হয়।সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা শিল্পের দুর্ঘটনায় আহতদের চিকিৎসার তদারকি এবং নিহতদের পরিবারপ্রতি ১০ লাখ টাকা ক্ষতিপূরণসহ সরকারি আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রাম নগরের বায়েজিদে সন্ত্রাসীদের গুলিতে আহত পথচারী শিশু রেশমীর চিকিৎসার জন্য সার্বিক তদারকি ও সহায়তা করেন জেলা প্রশাসক।বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে ‘ফেস্টিভ সেল’ আয়োজনের পাশাপাশি বাজারে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়। কর্ণফুলী নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং নদী দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিং নিশ্চিত করার পাশাপাশি খাল ও নালায় বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সেক্রেটারি গোলাম মাওলা মুরাদ, জেলা প্রশাসন স্থানীয় সরকারের উপপরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রুবেল খান প্রমুখ।

আরও পড়ুন