নগরীর গোলপাহাড়ে চট্টগ্রাম ওয়াসার অভিযান; ২ সংযোগ বিচ্ছিন্নসহ ৩ লাখ টাকা বকেয়া আদায়

বকেয়া রাজস্ব আদায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ ও অনুমোদনবিহীন ডিপটিউবওয়েলের লাইসেন্স করার বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম ওয়াসা। এসময় ২টি সংযোগ বিচ্ছিন্ন, ৩ লাখ টাকা বকেয়া আদায় ও ৪টি গভীর নলকূপ লাইসেন্সের আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর গোলপাহাড় মোড় এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান চালান ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমন দে।

তিনি বলেন, গোলপাহাড় মোড় এলাকায় বকেয়া গ্রাহকের ২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই ২টি সংযোগের বিপরীতে বকেয়ার পরিমাণ ১০ লক্ষ টাকা। এছাড়াও উক্ত এলাকায় ৪টি গভীর নলকূপ লাইসেন্সের আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মোবাইল কোর্টে সর্বমোট ৩ লক্ষ টাকা বকেয়া আদায় করা হয়।

তিনি জানান, চট্টগ্রাম ওয়াসা সম্প্রতি বকেয়া আদায়ে জোর তৎপরতা শুরু করেছে। অবৈধ গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধেও ওয়াসা আইনী পদক্ষেপ গ্রহণ করছে। সর্বোপরি সরকারের রাজস্ব আদায়ে চট্টগ্রাম ওয়াসা বদ্ধপরিকর। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বকেয়া পরিশোধ ও গভীর নলকূপগুলোর লাইসেন্স করার জন্য অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, চট্টগ্রাম ওয়াসা বকেয়া আদায়ে জনগণকে উদ্ভুদ্ধ করার লক্ষ্যে জুলাই মাস হতে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে মাইকিং ও লিফলেট বিতরণ করে আসছে।