চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত; ৪ চালক পেলো বিশেষ সম্মাননা

 

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে নগরীর কাজির দেউড়ি মোড়ে বর্ণাঢ্য সচেতনতামূলক রোড-শো এবং পরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চালক, পরিবহন মালিক, পরিবহন শ্রমিক, যাত্রী, পথচারীসহ সড়ক পরিবহন ও নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী, সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঁঞা এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় সড়ক নিরাপত্তা জোরদার, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্ব ও কর্তব্যের ওপর গুরুত্বারোপ করা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালক, পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের সচেতন ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে চট্টগ্রামের চারজন দক্ষ চালককে সনদ ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। দক্ষ চালকদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে পেশাগত দায়িত্বশীলতা ও সড়ক নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা পালনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।

আরও পড়ুন